পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাকে কি রাষ্ট্র বলা যায়? রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি? Are West Bengal and Tripura States-কর্মদিশারী



সাধারণভাবে আমরা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাকে ইংরেজিতে 'স্টেট' (State) বলে অভিহিত করে থাকি। বাংলায় 'রাষ্ট্র' এবং ‘রাজ্য' উভয় অর্থেই 'স্টেট' শব্দটি প্রযুক্ত হয়। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা 'রাষ্ট্র' কিনা তা জানতে হলে রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যের নিরিখে বিচারবিশ্লেষণ প্রয়োজন। 

রাষ্ট্রের চারটি প্রধান বৈশিষ্ট্য হল -

(১) জনসমষ্টি, (২) নির্দিষ্ট ভূখণ্ড, (৩) সরকার এবং (৪) সার্বভৌমিকতা। 

এই চারটি বৈশিষ্ট্যের সবগুলিই যার থাকবে, কেবল তাকেই 'রাষ্ট্র' বলে চিহ্নিত করা যায়। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার এই বৈশিষ্ট্যগুলি আছে কি না, তা বিশ্লেষণ করলে সেগুলি 'রাষ্ট্র', না 'রাজ্য' তা সহজেই বোঝা সম্ভব।



(১) জনসমষ্টি : বর্তমান রাষ্ট্র গঠনের অন্যতম অপরিহার্য উপাদান হল জনসমষ্টি বা জনসমাজ। জনগণ না থাকলে রাষ্ট্র গঠনের কোনো প্রশ্নই ওঠে না। কারণ, জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের প্রধানতম উদ্দেশ্য। জনসমষ্টির আয়তন ক্ষুদ্র বা বৃহৎ দুই-ই হতে পারে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বর্তমান জনসংখ্যা হল যথাক্রমে ৯,০২,২১,১৭১(প্রায়) এবং ৩৬,৯১,১৬৮(প্রায়)। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি ও উপজাতির মানুষ বসবাস করে। সুতরাং, রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্যটি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বর্তমান রয়েছে।


(২) নির্দিষ্ট ভূখণ্ড: রাষ্ট্র গঠনের দ্বিতীয় মৌলিক উপাদান হল নির্দিষ্ট ভূখণ্ড। এরূপ ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্বের কথা কল্পনাই করা যায় না। আয়তনের দিক থেকে তা ক্ষুদ্র বা বৃহৎ দুই ই হতে পারে। পশ্চিমবঙ্গের মোট আয়তন হল ৮৮,৭৫২ বর্গকিলোমিটার এবং ত্রিপুরার ১০,৪৯১ বর্গকিলোমিটার। সুতরাং রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্যটিও পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ক্ষেত্রে বর্তমান।


(৩) সরকারের অবস্থিতি : রাষ্ট্রের বিমূর্ত ধারণা সরকারের মধ্য দিয়েই বাস্তব রূপ পরিগ্রহ করে। তাই সরকার রাষ্ট্রের তৃতীয় অপরিহার্য উপাদান বলে বিবেচিত হয়। পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের অস্তিত্ব রয়েছে। প্রকৃতিগতভাবে এই সরকার গণতান্ত্রিক। সম্পাদিত কার্যাবলির জন্য এই সরকারকে আইনসভার নিকট দায়িত্বশীল থাকতে হয়। সুতরাং রাষ্ট্রের তৃতীয় বৈশিষ্ট্যও পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বর্তমান।


(৪) সার্বভৌমিকতা : রাষ্ট্রের চতুর্থ এবং সর্বাপেক্ষা গুরত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত বা চরম কর্তৃত্বকে বোঝায়। সার্বভৌমিকতা দু-ধরনের হতে পারে, যথা- (ক) অভ্যন্তরীণ এবং (খ) বাহ্যিক। 

পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সার্বভৌমিকতা নেই। কারণ, 

(i) ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইনের সঙ্গে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকার কর্তৃক প্রণীত আইনের বিরোধ বাধলে শেষোক্ত আইন বাতিল হয়ে যায়। 

(ii) ভারতের কেন্দ্রীয় সরকারের যে-কোনো নির্দেশ, অধ্যাদেশ প্রভৃতি মেনে চলতে এই দুটি সরকার বাধ্য থাকে।  

(iii) জরুরি অবস্থার সময় ভারতের পার্লামেন্ট রাজ্য-তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে ও শাসনকার্য পরিচালনার ব্যাপারে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। 

(iv) সংবিধানের ৩৫৬ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকারের যাবতীয় ক্ষমতা নিজের হাতে গ্রহণ করতে, আইনসভার যাবতীয় ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করতে এবং পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে ভারতের সঞ্চিত তহবিল থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার ব্যয়-নির্বাহের অনুমতি দিতে পারেন। 

 (v) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার শাসন বিভাগীয় প্রধান রাজ্যপাল, রাষ্ট্রপতি (কার্যত প্রধানমন্ত্রী) কর্তৃক নিযুক্ত এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিচালিত হন। তিনি কার্যক্ষেত্রে কেন্দ্রের 'এজেন্ট' হিসেবে তাঁর 'স্বেচ্ছাধীন ক্ষমতা' [১৬৩ (১) নং ধারা] প্রয়োগ করেন। 

 (vi) এমনকি, পার্লামেন্ট ইচ্ছা করলে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার নাম, সীমানা প্রভৃতির পরিবর্তন সাধন করতে সক্ষম। এরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনসভা বা সরকারের মতামতের কোনো মূল্য নেই। 

(vii) আবার, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নিযুক্ত IAS ,IPS প্রমুখ অফিসার কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত ও নিয়ন্ত্রিত হন বলে তাদের ওপর সংশ্লিষ্ট সরকারের কোনোরূপ নিয়ন্ত্রণ থাকে না। 

(viii) সর্বোপরি, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকার কোনো বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে স্বতন্ত্র ও স্বাধীনভাবে কোনোরূপ কূটনৈতিক সম্পর্ক স্থাপন, চুক্তি সম্পাদন প্রভৃতি করতে পারে না।

 সুতরাং, অভ্যন্তরীণ ও বাহ্যিক কোনো দিক থেকেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সার্বভৌম নয়। বস্তূত, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা হল স্বাধীন ও সার্বভৌম ভারত-রাষ্ট্রের দুটি অঙ্গরাজ্য মাত্র।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area